রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ - ২১:৫৩
ইরানের ইসলামী প্রতিরোধে তরুণ সমাজ ও নারীর অংশগ্রহণ

ইরানের ইসলামী প্রতিরোধে তরুণ সমাজ ও নারীর অংশগ্রহণকে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বিবৃতি দিয়েছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাবির রেজা। তিনি বলেন, তরুণরা এই প্রতিরোধের আগামী নেতৃত্ব এবং নারীরা এর মেরুদণ্ড।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাবির রেজা বলেন, আজ আমি এমন এক বিষয়ে কথা বলতে যাচ্ছি, যা কেবল ইরানের জন্য নয়; বরং সমগ্র ইসলামী জাগরণের জন্য এক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রসঙ্গ। আর তা হলো-ইরানের ইসলামী প্রতিরোধে তরুণ সমাজ ও নারীর অংশগ্রহণ।

তিনি বলেন, ইসলামী বিপ্লবের সূচনালগ্ন থেকেই ইরানের তরুণ সমাজ ও নারীরা ছিলেন আন্দোলনের প্রাণশক্তি। তারা কেবল পাশে দাঁড়িয়ে সমর্থন জানায়নি; বরং কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের প্রতিটি অধ্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন। মাঠে-ঘাটে, শিক্ষা-প্রতিষ্ঠানে, গবেষণাগারে, এমনকি প্রতিরক্ষার প্রথম সারিতে—সর্বত্রই তাদের উপস্থিতি ছিল দৃশ্যমান ও তাৎপর্যপূর্ণ।

মাওলানা সাবির রেজা বলেন, ইরানের ইসলামী প্রতিরোধ কেবল অস্ত্রের শক্তিতে দাঁড়িয়ে নেই; বরং এটি একটি চেতনা, একটি আদর্শ এবং একটি জীবনদর্শন। এই আদর্শকে হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে তরুণরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা জ্ঞান, প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখছে।

অপরদিকে, নারীরা এই প্রতিরোধে যে ভূমিকা পালন করেছেন, তা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। ইসলামী বিপ্লবের ইতিহাসে নারীরা ছিলেন পরিবারের ভিত্তি, সমাজের স্তম্ভ এবং সংগ্রামের অগ্রদূত। তারা সন্তানদেরকে ইসলামী আদর্শে গড়ে তুলেছেন, স্বামী ও ভাইদেরকে সংগ্রামের পথে উৎসাহিত করেছেন এবং প্রয়োজনের মুহূর্তে নিজেরাও মাঠে নেমেছেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাবির রেজা বলেন, ইরানের ইসলামী প্রতিরোধ কোনো একক শ্রেণি বা গোষ্ঠীর সংগ্রাম নয়; এটি তরুণ-বৃদ্ধ, নারী-পুরুষ, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তরুণ সমাজ এই প্রতিরোধের আগামী দিনের নেতৃত্ব, আর নারীরা এই প্রতিরোধের মেরুদণ্ড। তাদের এই অংশগ্রহণ ছাড়া ইসলামী বিপ্লবের ধারাবাহিকতা অকল্পনীয়।

তিনি আরও উল্লেখ করেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানে নারীর মর্যাদা ও অধিকারকে ইসলামী মূল্যবোধের আলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীরা আজ শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এটি প্রমাণ করে যে, ইসলামী প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন একে অপরের পরিপূরক।

মাওলানা সাবির রেজা তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হে তরুণ সমাজ! তোমরা আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলো। পাশাপাশি ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করো। কারণ, ভবিষ্যতের প্রতিরোধ হবে জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শক্তির সমন্বয়।

পরিশেষে, আমরা এই প্রত্যাশা পোষণ করি যে, ইরানের ইসলামী প্রতিরোধের এই ঐতিহ্য-যেখানে তরুণ সমাজ ও নারীরা সমানভাবে অংশীদার-আগামী দিনেও বজায় থাকবে এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমিন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha